মায়ের কসম, মেসির জার্সি নিয়েই ফিরব: বেনিন ডিফেন্ডার
মাঠে যখন প্রতিপক্ষ লিওনেল মেসি, সেই মুহূর্ত যে কোনো ফুটবলারের কাছেই স্বপ্নের মতো। এমনই এক স্বপ্ন পূরণের অপেক্ষায় বেনিনের ডিফেন্ডার মোহাম্মদ তিজানি। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে তার কথাতেই ফুটে উঠেছে সেই রোমাঞ্চ। মেসিকে আটকানোর চ্যালেঞ্জের চেয়েও যেন তার কাছে বড় হয়ে উঠেছে প্রিয় তারকার জার্সি নিয়ে মাঠ ছাড়ার স্বপ্ন।
বুধবার বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে বেনিন। আর এই ম্যাচটিই তিজানির ক্যারিয়ারে যোগ করতে যাচ্ছে বিশেষ এক অধ্যায়। কারণ, বিশ্বকাপজয়ী মেসির বিপক্ষে মাঠে নামার সুযোগ তো আর প্রতিদিন আসে না।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য জার্নট রোহরের দলে ডাক পেয়েছেন বেনিনের এই ডিফেন্ডার। তবে ম্যাচ নিয়ে বাড়তি কোনো প্রস্তুতির কথা ভাবছেন না তিনি। বরং মেসির কাছাকাছি যাওয়ার এই বিরল সুযোগটুকু উপভোগ করতেই মুখিয়ে আছেন তিজানি।
তিজানি বলেন, “আমাকে আর্জেন্টিনার বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচে খেলার জন্য ডাকা হয়েছে। এই ম্যাচের জন্য আমাদের আলাদা করে কিছু প্রস্তুত করারও দরকার নেই। আমরা শুধু উপভোগ করতে চাই।” তবে শুধু উপভোগ করলেই তো হবে না। তিজানি নিজের জন্য ঠিক করে রেখেছেন আরো বিশেষ এক লক্ষ্য, ম্যাচ শেষে মেসির জার্সি নিয়েই মাঠ ছাড়বেন তিনি।
আবেগ ধরে রাখতে না পেরে তিজানি বলেন, “বিশ্বাস করুন, আমি মেসির জার্সি নিয়েই ফিরব। মায়ের কসম, আমি মেসির কাছে গিয়ে বলব, মেসি দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার জার্সিটা আমাকে দাও।” মেসির প্রতি নিজের মুগ্ধতার কথাও অকপটে জানিয়েছেন বেনিনের এই ডিফেন্ডার। তার চোখে, “মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়।”
এরই মধ্যে বুয়েনস আইরেসের এজেইজা ক্যাম্পে সতীর্থদের সঙ্গে যোগ দিয়েছেন ৩৯ বছর বয়সী লিওনেল মেসি। বুধবার এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নামবেন এই তারকা। দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের পর নিজ দেশের সমর্থকদের সামনে আলবিসেলেস্তে জার্সিতে এটাই হতে যাচ্ছে মেসির শেষ উপস্থিতি।










