সংসদে রাষ্ট্রপতি পদে নির্বাচনের ভোটগ্রহণ চলছে
জাতীয় সংসদে দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় শুরু হওয়া ভোট বিকেল ৫টা পর্যন্ত চলার কথা রয়েছে। ভোট শেষ হওয়ার পর সংসদ ভবনেই ব্যালট গণনা করে ফল ঘোষণা করা হবে।
চট্টগ্রাম-৪ আসন বর্তমানে শূন্য থাকায় মোট ৩৪৯ জন সংসদ সদস্য এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। সংসদ ভবনের নির্ধারিত বুথে আসন নম্বর অনুযায়ী ভোট দিচ্ছেন তারা।
ভোট শুরুর আগে সংসদ সদস্যদের জন্য ভোট দেওয়ার পদ্ধতি ও করণীয় জানিয়ে নির্দেশনা দেওয়া হয়। সংসদ সচিবালয়ের সরবরাহ করা পরিচয়পত্র দেখিয়ে ভোটকক্ষে প্রবেশ করতে হচ্ছে তাদের। নিজ নিজ আসনে বসার পর সহকারী নির্বাচনি কর্মকর্তার কাছ থেকে নাম ও নির্বাচনি নম্বর লেখা ব্যালট পেপার সংগ্রহ করছেন সংসদ সদস্যরা। ব্যালটের কাউন্টার ফয়েলে নির্ধারিত জায়গায় নিজের পূর্ণ নাম লিখে তা কর্মকর্তার কাছে জমা দিতে হচ্ছে। এরপর পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নির্দিষ্ট স্থানে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হচ্ছে।
ভোট দেওয়া শেষে ব্যালট পেপারটি সংসদ কক্ষে রাখা নির্ধারিত বাক্সে ফেলতে হচ্ছে। ব্যালট লেখার সময় কোনো ভুল হলে বা সেটি নষ্ট হয়ে গেলে বাক্সে না দিয়ে নির্বাচন কর্মকর্তার কাছে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।
ভোটকক্ষে প্রচার-প্রচারণা নয়
ভোটগ্রহণ চলাকালে সংসদ কক্ষে কোনো ধরনের নির্বাচনী প্রচার চালানো যাবে না। এ সময় বক্তব্য বা ভাষণ দেওয়ার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।
ভোট দেওয়ার সময় কোনো সমস্যা হলে চিফ হুইপ ও বিরোধী দলের চিফ হুইপের সহযোগিতা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যালট পেপারে ভোটারের স্বাক্ষরের কথা উল্লেখ থাকলেও সংসদ সদস্যদের সেখানে স্বাক্ষর না করে পূর্ণ নাম লিখতে হবে।
ভোট শেষেই গণনা
বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ব্যালট গণনা শুরু হবে। অবশ্য নির্ধারিত সময়ের আগেই সব ভোট পড়লে তখনই গণনার কাজ শুরু করা যেতে পারে।
প্রথমে ভোট দেওয়া সংসদ সদস্যের সংখ্যা, বৈধ ও বাতিল ব্যালট এবং অব্যবহৃত ব্যালটের হিসাব করা হবে। এরপর বৈধ ব্যালট থেকে প্রগ্রহণত্যেক প্রার্থী কত ভোট পেয়েছেন, তা নির্ধারণ করা হবে। সবচেয়ে বেশি বৈধ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচন কর্তা। পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হবে।
এবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ। যাচাই-বাছাই শেষে দুজনের মনোনয়ন বৈধ হয়। নির্ধারিত সময়ের মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় ভোটের প্রয়োজন পড়ে।
এর আগে, গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় ৬ আগস্ট নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। সেই তফসিল অনুযায়ী আজ সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
১৯৯১ সালের পর এবারই আবার সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। ভোট গণনা শেষে আজই ফল ঘোষণা করার কথা রয়েছে। আগামীকাল শুক্রবার নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হওয়ার কথা।











