দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো আপোষ নেই: রিজভী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “দুষ্কৃতকারী ও অপকর্মকারীদে সঙ্গে কোনো আপোষ করা যাবে না। ওরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে বসে আছে, সব সময় সতর্ক ও সজাগ থেকে ওদের সেই জায়গা চিহ্নিত করে গোড়া থেকে দমন করতে হবে।”
শনিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, “দুষ্কৃতকারীদের যদি উত্থান হয়, এই দেশ থাকবে না, এই রাষ্ট্র থাকবে না, এই পতাকা থাকবে না, স্বাধীনতা থাকবে না, সার্বভৌমত্ব থাকবে না। তাই তাদের অঙ্কুরিত হওয়ার আগেই বিনাশ করতে হবে।”
৯০-এর পরাজিত শক্তি আর ২৪-এর পরাজিত শক্তির মিলে মিশে এক হয়েছে এমন মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, “এরা পাচার করা টাকা দিয়ে অপকর্ম করাচ্ছে।”প্রশাসনে যারা অনৈতিক কর্মকাণ্ড করছে তাদেরকে দমন করার আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, “আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য, এই মহিমাকে কলঙ্কিত করার জন্য ওই চরিত শক্তি তারা কিন্তু বসে নেই। তারা নানাভাবে চক্রান্ত করবে, নানাভাবে ষড়যন্ত্র করবে। তাদের যে বদন দেওয়ার লোক আছে, তারা যাতে বদন পেয়ে এই দেশের ভেতরে পূজার সময় কোনো ধরনের অরাজকতা তৈরি করতে না পারে, এই বিষয়েও সতর্ক থাকাতে হবে।”
স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জলবায়ু বিষয়ক সহ সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।










